প্রতীকী ছবি
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। নাদিয়া আক্তার স্থানীয় মুন ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শিশুটির দাদা বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়িতে ফেরার পর কিছু সময়ের মধ্যে নাদিয়াকে আর দেখা যায়নি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ব্যাপক খোঁজাখুঁজি করে। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে নাদিয়ার লাশ উদ্ধার করেন তার দাদা বাচ্চু মিয়াসহ স্বজনেরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুর লাশ উদ্ধার হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।