ইরানে টেলিভিশন সদরদপ্তরে ইসরায়েলের হামলা, প্রবল বিস্ফোরণে কাঁপছে তেহরানে

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে আরও দুটি প্রবল বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক। এছাড়া ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

তবে পুরো সদরদপ্তরের বদলে এটির আংশিক জায়গায় হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশন কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তাদের সম্প্রচার কার্যক্রম এখনো চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলেছে, ‘প্রযুক্তি দল ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।’

তেহরানে অবস্থানরত এএফপির ওই দুই সাংবাদিক বলেন, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থানে থেকে তারা হামলার তীব্রতা অনুভব করেন। হামলার সময় তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ কেঁপে ওঠে।

স্থানীয় সময় রাত ৯টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভশনের সম্প্রচার সচল ছিল। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা নতুন দফায় তেহরানে হামলা শুরু করেছে।

অন্যদিকে,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলা চালিয়ে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত ৯টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ৯টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’

  • ইরান
  • টেলিভিশন
  • তেহরানে
  • বিস্ফোরণ
  • সদরদপ্তর
  • হামলা
  • #