যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৪

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অস্টিনের সিক্সথ স্ট্রিটের বিনোদন এলাকায় অবস্থিত বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় অস্টিন পুলিশ।

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান, ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে। আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

  • আহত
  • টেক্সাস
  • নিহত
  • বন্দুকধারী
  • যুক্তরাষ্ট্র
  • হামলা
  • #