প্রতীকী ছবি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের দফায় দফায় পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা বেদেপল্লি এলাকার মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালাচ্ছিলেন। তখন স্থানীয় এক মুরগির খামারি তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটকান। পরে স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে সাগর ও সানারুলের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করা হয়। এলাকায় বিভিন্ন সময় চুরি হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের মারধর শুরু করেন। রাত থেকে সকাল পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় পিটুনি দেওয়া হয়। পুলিশ আজ সকাল ৯টার দিকে সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর দুপুরে বলেন, ওই দুজনকে সকাল সাড়ে ১০টার দিকে এক ভ্যানচালক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তারা মারা যান। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানোর পর জানতে পারেন, তারা মারা গেছেন। স্থানীয়ভাবে তারা খোঁজ নিয়ে জেনেছেন, নিহত দুজন চোর ছিলেন। তবে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চুরির কোনো মামলা ছিল না।