বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ ড. সাদিক আহমেদ। বুধবার এ কমিটির সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেন। এদিকে তার পদত্যাগের ঘটনায় মুদ্রানীতি কমিটির সভা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদহার কমানোর লক্ষ্যে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ওই সভা আহ্বান করেছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটি রয়েছে। এ কমিটিতে গভর্নরসহ চারজন কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তা। বাকি তিনজন বিশেষজ্ঞ হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত হন। কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থেকে কমিটিতে অন্তর্ভুক্তরা হলেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ হিসেবে ড. সাদিক আহমেদ।
পদাধিকার বলে এ কমিটির চেয়ারম্যান থাকেন গভর্নর। আর বর্তমান কমিটির অন্য সদ্যরা হলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। সাদিক আহমেদ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত ব্যক্তি হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।