ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা হমলা কারণে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং ছুটিতে থাকা প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতির কারণে দেশটিতে থাকা ভিজিট ভিসাধারীদের মেয়াদ একমাস এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দর্শনার্থীর ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অবস্থানকাল ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে ভিসাধারীদের কোনো সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এছাড়া এই বর্ধিত সময়ের জন্য কোনো ধরনের ফি কিংবা বিলম্বজনিত জরিমানাও দিতে হবে না।
অন্যদিকে, যারা ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতির অনুমতি বা পারমিট ইলেকট্রনিক পদ্ধতিতে আরও তিন মাসের জন্য নবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।