পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে, হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী জাহাজে ইরানের হামলা

:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এদিকে, হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মাল্টা-পতাকাবাহী কন্টেইনার জাহাজ বড় ধরনের হামলার শিকার হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানায়, নৌবাহিনী আজ মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের জাহাজ দেখা গেলে অবশ্যই লক্ষ্যবস্তু করা হবে। আইআরজিসি আরও জানায়, যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ইরানের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মাল্টা-পতাকাবাহী কন্টেইনার জাহাজ বড় ধরনের হামলার শিকার হয়েছে। সেফেন প্রেস্টিজ নামের এই জাহাজটি বুধবার দুপুর নাগাদ ওমান থেকে মাত্র দুই নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, জাহাজটির ওয়াটারলাইনের ঠিক ওপরে আঘাত লাগার ফলে এর ইঞ্জিন রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজের ক্রু সদস্যরা দ্রুত জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন।

ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, কন্টেইনার জাহাজটিতে হামলার পর সব ক্রু নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া সমুদ্রে তেলের নিঃসরণ বা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কাও আপাতত নেই বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে উত্তেজনার মাঝে এমন আক্রমণ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

  • ইরান
  • জ্বালানিবাহী জাহাজ
  • পারস্য উপসাগর
  • মার্কিন ট্যাংকার
  • হরমুজ প্রণালি
  • হামলা
  • #