প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার সহযোগী লিটন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত তার বন্ধু লিটন (৩৮) ফতুল্লার লালপুর এলাকার কাদের মিস্ত্রির ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিলার বাবু ও নাঈম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে বাবু ও লিটনকে শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায় তাদের অন্য সহযোগীরা। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মূলত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ ছিল। সম্প্রতি খাস জায়গায় বেশ কিছু দোকান বসিয়ে ভাড়া ওঠানো নিয়ে দ্বন্দ্বের জেরে বাবুকে কুপিয়ে হত্যা করেছে।