নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলায় গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিলন শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দুপুরে নলছিটি পৌরসভার শংকরপাশা গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে মিলন হাওলাদার ও প্রতিবেশী বেলাল হাওলাদারের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে মিলন ক্ষিপ্ত হয়ে বেলাল হাওলাদার ও তাঁর মেয়ে ইতি আক্তারকে মারধর করেন। একই সময় বেলাল হাওলাদারের বসতঘরেও হামলার ঘটনা ঘটে।

এরপর বেলাল হাওলাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের জের ধরে মিলন হাওলাদার ও তার সহযোগী মিরাজ হাওলাদার পুনরায় বৃহস্পতিবার সকালে বেলাল হাওলাদার ও তার পরিবারের ওপর হামলা চালান। পাল্টা হামলায় গুরুতর আহত মিলনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, বর্তমানে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • নলছিটি
  • নিহত
  • যুবক
  • হামলা
  • #