সিলেটের বিশ্বনাথে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কসংলগ্ন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালের পাশে নারীর চুল সদৃশ আলামত পাওয়ায় এটি কোনো নারীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ বাইপাস সড়কে একটি পেট্রোল পাম্পের পাশের বাসার সীমানার বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকালে কঙ্কালের পাশ থেকে চুলও সংগ্রহ করা হয়।
কঙ্কাল উদ্ধারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কঙ্কালটি মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া যাওয়ায় এটি নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কঙ্কালটির পরিচয় ও ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।