ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কাভার্ডভ্যানের চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭)। তার বাড়ি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। নিহত অন্যজন হলেন কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের আব্দুল কুদ্দুস (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক হোসাইন মল্লিক মোটর সাইকেলযোগে ঢাকা থেকে রাজাপুরে যাচ্ছিলেন। পথে বাটুলিয়া এলাকায় একটি বাইসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়েন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারেক নিহত হন। গুরুতর অবস্থায় আব্দুল কুদ্দুসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে।