গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গ্যাস সংকটের কারণে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাণিজ্য, উৎপাদন ও গবেষণা দপ্তরের পরিচালক মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান বলেন, একটি চলছে, সেটি শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আর ৪টি বন্ধ। আগে থেকেই আশুগঞ্জ বন্ধ ছিল। বুধবার থেকে বাকি তিনটি বন্ধ হয়েছে। আমাদের বন্ধ রাখতে বলেছে এজন্য বন্ধ রেখেছি। বিশেষ কী কারণ সেটা জ্বালানি বিভাগ বলতে পারবে। কতদিন বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ১৫ দিনের জন্য বন্ধ রাখতে বলেছে।

সরকারের জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে। আগাম প্রস্তুতি হিসেবেই এসব সার কারখানা বন্ধ করতে বলা হয়েছে। বিসিআইসির অধীনে পাঁচটি ইউরিয়া সার কারখানা আছে। সেগুলো হলো— ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড।

এগুলোর মধ্যে শুধু শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন চালু আছে। এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডও গ্যাস সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে।

চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলমান এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকার সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।

  • গ্যাস সংকট
  • বন্ধ
  • সার কারখানা
  • #