নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে আহত ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভাড়াটিয়া লিটন আহত হন। তাদের মধ্যে শিপন ও ছগিরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইফতারের পর ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়ির দরজা-জানালাও ভেঙে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করেন।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • আহত
  • গ্যাস লিকেজ
  • নারায়ণগঞ্জ
  • বিস্ফোরণ
  • #