বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের এক ব্যক্তির বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত নিচের অংশটি উড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দোছড়ি ইউনিয়নের পাইনছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবদুল জব্বার উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় কাঠুরিয়া।
স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল পাইনছড়া গ্রাম এলাকায় সাত থেকে আটজন কাঠুরিয়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কাঠ কাটতে গিয়েছিলেন। এ সময় শূন্যরেখার কাছে একটি মাইন বিস্ফোরণে আবদুল জব্বারের বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত নিচের অংশটি উড়ে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধা গণমাধ্যমকে বলেন, ‘আহত জব্বারকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’