হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্স।

র্কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, চীন চায় যেন তাদের তেলবাহী জাহাজ এবং কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারে। চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং দেশটির প্রায় ৪৫ শতাংশ তেল এই প্রণালী দিয়ে আসে।

যুদ্ধ শুরুর পর ইরানের পদক্ষেপে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়েছে। সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেসেল ট্র্যাকিং প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী, ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে মাত্র চারটি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে, যেখানে জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪টি জাহাজ চলাচল করত। বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার ওই প্রণালীর ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে।

  • ইরান
  • চলাচল
  • চীন
  • জাহাজ
  • হরমুজ প্রণালী
  • #