কেনিয়ায় আকস্মিক বন্যা, ২৩ জনের মৃত্যু

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ভেসে গেছে অসংখ্য যানবাহন, ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। শনিবার কর্তৃপক্ষ এ ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাইরোবি নদী উপচেপড়ায় শিল্প এলাকা গ্রোগানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় এক নিরাপত্তা রক্ষী জানান, তার পরিচিত এক ডিম বিক্রেতা বৃদ্ধ নদীর স্রোতে ভেসে গিয়ে একটি গাড়ির নিচে আটকা পড়ে মারা গেছেন। উদ্ধারকারীরা পানির নিচ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করছেন। রয়টার্সের একজন প্রতিবেদক অন্তত তিনটি মৃতদেহ গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পেয়েছেন।

বন্যার পানিতে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কেনিয়া পাওয়ার জানিয়েছে, অন্তত ১৪টি এলাকা বর্তমানে অন্ধকারে রয়েছে।

বন্যার কারণে কেনিয়া এয়ারওয়েজের অনেক ফ্লাইট নাইরোবিতে অবতরণ করতে না পেরে উপকূলীয় শহর মোম্বাসায় ঘুরিয়ে দেয়া হয়েছে। অনেক বাস চালক সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদের বাসকে উদ্ধারকারী যান হিসেবে ব্যবহার করছেন।

বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো সেনা সদস্যদের সমন্বয়ে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আমি জাতীয় রিজার্ভ থেকে দুর্গত পরিবারগুলোর জন্য অবিলম্বে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছি।

  • আকস্মিক বন্যা
  • কেনিয়া
  • মৃত্যু
  • #