‘অন-ডিউটি’ এএসআইয়ের পিস্তল ছিনতাই

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। সোমবার (৯ মার্চ) ভোরে নগরীর বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানিয়েছেন, ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অন-ডিউটিতে ছিলেন। তিনি আরও জানান, ডিউটি চলাকালীন টয়লেট ব্যবহারের প্রয়োজনে লুৎফর রহমান তার টিমের অন্য সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার আরও জানিয়েছেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • এএসআই
  • পিস্তল
  • লুট
  • #