নারায়নগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করায় মো. রিপন মিয়া (৩৮) নামে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি রাতে রিপন মিয়া ও তার বড় ভাইয়ের বন্ধু জামান রাস্তায় যাওয়ার সময় হৃদয়সহ ৫-৭ জনের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে এবং তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়ারি জামান বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করলে ছিনতাইকারী চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানা যায়।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রামারবাগ এলাকার মেট্টো গার্মেন্টসের সামনে দিয়ে যাওয়ার সময় লালখা শিয়াচর এলাকার হৃদয় ও রামারবাগ এলাকার বল্লা ইমন রিপনের পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে মেট্টো গার্মেন্টসের পেছনের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-পা বেঁধে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার বাম হাত ও পা ভেঙে দেওয়া হয়।
রিপনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।