‘কোটি টাকা ঘুষ দাবি’ পদত্যাগকারী প্রসিকিউটরের!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

হত্যা মামলা থেকে সাবেক এক সংসদ সদস্যকে ‘খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে’ এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে আসা এ প্রসিকিউটর সোমবার পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেওয়া হয়।

আর সাইমুম রেজার পদত্যাগের ঘণ্টা কয়েক পর ‘ঘুষ দাবির’ অভিযোগের কথিত দুটি অডিও ফাঁস হয়েছে, যা একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে প্রচারও করা হয়।

কথিত দুটি অডিওতে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজাকে চট্টগ্রামের রাউজান থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষি করতে শোনা যায়।

এ বিষয়ে ফজলে করিমের আইনজীবী রেজওয়ানা ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোলাখুলি কিছু বলতে রাজি হননি। ‘ঘুষ দেওয়া’ নিয়ে দর কষাকষির বিষয়টি অস্বীকারও করেননি। তবে কথিত অডিও রেকর্ডটি বাস্তবসম্মত কি না–এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু এত বড় ঘটনা, সেখানে কোনো না কোনো সত্য থাকতে পারে।

অপরদিকে ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা সম্পূর্ণ অস্বীকার করে সাইমুম রেজা তালুকদার দাবি করেছেন, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা।

  • ঘুষ
  • দাবি
  • প্রসিকিউটর
  • #