বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)।

স্থানীয়দের ও পুলিশের সূত্রে জানা যায়, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে বৌভাত অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাম্মদ সেলিম বলেন, খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। আহতদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, এ ঘটনায় মোট ১২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়।

তিনি জানান, আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি আহতরা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

  • আহত
  • নিহত
  • বিয়ের অনুষ্ঠান
  • সড়ক দুর্ঘটনা
  • #