ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে ২ বাংলাদেশি নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইরান যুদ্ধের মধ্যে সেখানে এ নিয়ে দুই বাংলাদেশি নিহত এবং আরো কয়েকজনের আহত হওয়ার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালের বিবৃতিতে সরকারের এ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহত দুই বাংলদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত রোববার সৌদি আরবের আল-খারজে আকাশপথে আক্রমণে দুই বাংলাদেশী নিহত এবং অন্য বাংলাদেশীদের আহতের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এ অঞ্চলে নিরপরাধ বাংলাদেশীদের অব্যাহত প্রাণক্ষয়ের ঘটনা গভীর উদ্বেগের।

এর আগে সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের (উড়ন্ত বস্তু নিক্ষেপ) আঘাতে এক বাংলাদেশী ও আরেক ভারতীয় নিহত হওয়ার তথ্য রোববার রাতে দেয় দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। এতে বলা হয়, আল খারজ শহরের একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা কোম্পানির আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়। এতে আরো অন্তত ১২ জন আহত হন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহতদের দেখতে গেছেন। নিহতদের লাশ দেশে ফেরানোর জন্য তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছেন।

নিরপরাধ মানুষের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন আক্রমণে নিরপরাধ মানুষদের প্রাণক্ষয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে।

আরো বলা হয়েছে, উত্তেজনা হ্রাস করা এবং আর কোনো প্রাণক্ষয় রোধ করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশী নিহত হয়েছিলেন। কুয়েতসহ আরো কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশীদের আহত হওয়ার খবর এসেছিল।

  • ক্ষেপণাস্ত্র
  • নিহত
  • বাংলাদেশি
  • হামলা
  • #