ইরানের পক্ষে পোস্ট : বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফেইসবুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেপ্তার বাকিরা পাকিস্তানি।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যমে তাদের গ্রেপ্তারের খবর দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ভিডিও ও পোস্টে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করে সমর্থন জানিয়েছে।

এসব ব্যক্তি বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে তা প্রচারও করছে। এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এমন অভিযোগে এশীয় ছয়জন নাগরিককে শনাক্ত করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরান যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। বিশেষ করে যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

  • ইরান
  • গ্রেপ্তার
  • বাংলাদেশি
  • বাহরাইন
  • #