প্রতীকী ছবি
নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. সাকিব উদ্দিন (২৬) ও মো. নুরুজ্জামান মিঠু (৩২)। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই কলেজছাত্রীর বাবা হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে মেয়েকে তুলে দিয়েছিলেন। লঞ্চের কেবিনে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ এসেছে।
রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, ওই ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করার জন্য লঞ্চের কেবিনে ঢাকায় আসছিল। লঞ্চে একই এলাকার অভিযুক্ত দুজনও ছিলেন। তারা কেবিনে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। লঞ্চ থেকে নামার পর ওই ছাত্রী পুলিশকে বিষয়টি জানায়।
ওসি আরও জানান, মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।