ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরে বৈষম্যবিরোধীর সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নিরব হত্যার প্রতিবাদে বাসে অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনায় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান ও অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান ও রাসেল। ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৭ মার্চ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের মালিকানাধীন ‘তাজ ফিলিং স্টেশন’-এ তেল নিতে গিয়ে কর্মচারীদের হামলায় নিহত হন ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা একই মালিকের ‘সৃজনী ফিলিং স্টেশন’ ভাঙচুর করে। পুলিশের দাবি, ঘটনার দিন রাত সোয়া তিনটার দিকে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘রয়েল পরিবহন’-এর দুটি এবং ‘জে-লাইন পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িতদের শনাক্ত করা হয়েছে।

অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সোমবার বাস মালিকের পক্ষে সাইফ নোমান এবং সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে দুটি মামলা করেন। এর আগে নিরব হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা বলেন, আমরাও চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই নিরপরাধ। হত্যার ঘটনার চেয়ে ভাঙচুরের বিষয়টিকে বড় করে দেখা হলে তা হবে দুঃখজনক। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন।

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • আগুন
  • গ্রেপ্তার
  • ঝিনাইদহ
  • বাস
  • ভাঙচুর
  • #