দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)-এর দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১৪ মে ধার্য তারিখ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। বুধবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এই তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় (আনিস আলমগীর) জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি ব্যায়ামাগার থেকে বের হওয়ার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এরপর গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।

  • জামিন
  • দুদক
  • মামলা
  • সাংবাদিক আনিস আলমগীর
  • #