যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। নিহতদের মধ্যে সবচেয়ে ছোটটি মাত্র আট মাস বয়সী একটি কন্যাশিশু বলে জানিয়েছেন দেশটির প্রশাসনের মুখপাত্র।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানান, চলমান হামলায় বহু শিশু হতাহত হয়েছে। নিহতদের মধ্যে আট মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে। এছাড়া মাত্র চার মাস বয়সী আরেকটি শিশু আহত হয়েছে বলেও জানান তিনি।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক হামলায় শুধু বেসামরিক মানুষই নয়, স্বাস্থ্য ও চিকিৎসা অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোহাজেরানির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট, ২৯টি চিকিৎসা প্রতিষ্ঠান এবং ১৯টি জরুরি পরিষেবা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৬টি অ্যাম্বুলেন্স আক্রান্ত হয়েছে।
তিনি আরও জানান, এসব হামলায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি চারটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিক্যাল হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।