ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে পাবনা-৩ আসনের পরাজিত বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ যাবতীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী ১৪ জুন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম, এইচ এম মাসুম, মাহফুজ হাসান ও খাদেমুল ইসলাম।
এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আজগার।
এর আগে, নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এদিকে, সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির ববি হাজ্জাজ।