পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ১১৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের এক বিশাল জয় তুলে নেয় টাইগাররা। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে মাত্র ১৫ দশমিক ১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। এ জয়ের মাধ্যমে সিরিজের শুভ সূচনা হল স্বাগতিক বাংলাদেশ।

১১৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফের ওপর চড়াও হয়ে তিনি ১৫ রান সংগ্রহ করেন। বাংলাদেশের উদ্বোধনী জুটি মাত্র দুই ওভারেই ২৫ রান তুলে ফেলার পর দলীয় ২৬ রানে হোঁচট খায় স্বাগতিকরা। ব্যক্তিগত ৪ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন সাইফ হাসান। তবে শুরুতে উইকেট হারানো বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তানজিদের ওপর। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটি বেঁধে দ্রুতগতিতে জয়ের পথ তৈরি করেন তিনি।

তানজিদ ও শান্ত দ্বিতীয় উইকেটে মাত্র ৩৮ বলে ৫১ রানের একটি কার্যকর জুটি গড়েন। মাত্র ৩২ বলে নিজের ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং চালিয়ে যান তানজিদ। দলের রান ১০০ ছাড়িয়ে যাওয়ার পর ব্যক্তিগত ২৭ রানে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন শান্ত। তবে ততক্ষণে বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানের এক অবিস্মরণীয় ও অপরাজিত ইনিংস খেলে দলের বিজয় ত্বরান্বিত করেন তানজিদ তামিম। তাঁর ঝড়ো ইনিংসে ৫টি ছক্কা ও ৭টি চারের মার ছিল। অভিজ্ঞ লিটন দাসকে সাথে নিয়ে অত্যন্ত সাবলীলভাবে খেলা শেষ করে মাঠ ছাড়েন তিনি।

এর আগে মাঠের লড়াইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজের সাঁড়াশি বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তান দল ৩০ দশমিক ৪ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। বোলারদের এমন চমৎকার সাফল্যের পর ব্যাটারদের বীরত্বে পুরো ম্যাচটি টাইগারদের জন্য এক উৎসবের দিনে পরিণত হয়। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের আত্মবিশ্বাস আগামী ম্যাচগুলোতে আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

  • ক্রিকেট
  • পাকিস্তান
  • বাংলাদেশ
  • #