ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ, স্পিকার হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এদিকে হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের শুরু হওয়া প্রথম অধিবেশনের সংসদ সদস্যদের সমর্থনে সভাপতিত্বের দায়িত্ব পান ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি নির্বাচনের এই প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন।

এদিকে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। তাদের দুজনকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন।

স্পিকার হিসেবে নিয়োগ পাওয়ার আগে হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি গতকাল (১১ মার্চ) ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর হাফিজ উদ্দিন আহমেদ ২০২৪ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।

অন্যদিকে কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী হিসেবে নেত্রকোনা–১ আসন (কলমাকান্দা–দুর্গাপুর) থেকে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।

  • কায়সার কামাল
  • ড. খন্দকার মোশাররফ
  • ডেপুটি স্পিকার
  • ত্রয়োদশ সংসদ
  • সভাপতিত্ব
  • স্পিকার
  • হাফিজ উদ্দিন
  • #