স্ত্রীকে হত্যার পর পুঁতে রেখে কানাডায় : ৩ বছর পর সেই আশরাফুল ঢাকায় গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

প্রায় তিন বছর আগে ঢাকার দক্ষিণখানে স্ত্রী আফরোজাকে হত্যা করে পুঁতে রেখে কানাডা পালিয়ে যাওয়া আশরাফুল আলম সুমন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। প্রায় একমাস আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হলেও তা এতদিন প্রকাশ পায়নি। ৫১ বছর বয়সি আশরাফুল বর্তমানে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং জামিনের জন্য চেষ্টা করছেন।

দক্ষিণখান থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আশরাফুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই গ্রেপ্তারি পরোয়ানা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে ছিল। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আশরাফুল কানাডা থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশ তাকে হেফাজতে নিয়ে (আমাদের) জানায়। পরে আমরা তাকে গ্রেপ্তার করে যথারীতি আদালতে পাঠিয়ে দিই।

আফরোজার ছোট ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আমরা গ্রেপ্তারের খবর জানতাম না। প্রায় একমাস পরে মামলার খোঁজ নিতে গিয়ে জানতে পারি আমার বোনের হত্যাকারী গ্রেপ্তার হয়েছে। সংশ্লিষ্ট আদালতে জামিন নাকচ হওয়ার পর এখন সে উচ্চ আদালতে জামিনের চেষ্টা করছে।

২০২৩ সালের ২৭ মে দুপুরে ঢাকার দক্ষিণখানের নদ্দাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন ৪০ বছর বয়সি আফরোজা। পরে ৩১ মে রাতে ওই বাড়ির সীমানায় মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নীলফামারীর ডোমারের ভোগড়াবুড়ি গ্রামে। ঢাকায় এসে বোন নিখোঁজ হওয়ার পর দক্ষিণখান থানায় জিডি করেছিলেন আরিফুল। এর চারদিন পরেই পুলিশ লাশ উদ্ধার করে। এর আগেই আশরাফুল কানাডায় চলে যান।

সে সময় আরিফুল বলেছিলেন, আফরোজা ও আশরাফুল দুজনেই বহু বছর ধরে কানাডায় থাকতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। আফরোজার আগেও বিয়ে হয়েছিল। তার আগের ঘরের দুই মেয়ে ও এক ছেলে আশরাফুলের সংসারেই থাকত।

ঘটনার এক বছর আগে, অর্থাৎ ২০২২ সালে আশরাফুল আলমের সঙ্গে আফরোজার বিয়ে হয়। এটা আশরাফুলের চতুর্থ বিয়ে। তার আগের স্ত্রীর ঘরেও সন্তান রয়েছে।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • আশরাফুল
  • গ্রেপ্তার
  • ঢাকা
  • #