মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে, মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় মাদারীপুর সদর-শিবচর আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) এবং রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পান্না খানের ছেলে নাজমুল খান (১৭)। তারা দুজনই একে অপরের নিকটাত্মীয় ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী মাদারীপুর শহরে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি কালিগঞ্জ নবাব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাই। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাটুরিয়া থেকে ঢাকার দিকে আসা একটি পরিবহন গাড়িকে অতিক্রম করতে গিয়ে একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে সামনে এগিয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঢাকার দক্ষিণখান এলাকার চালাবন মাটির মসজিদ এলাকার বাসিন্দা মোনায়েম খান (৪০) গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা স্ত্রী জোসনা আক্তারও মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোনায়েম খানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।