শাহরিয়ার কবিরের মুক্তি ও সুচিকিৎসার দাবি ৫ আন্তর্জাতিক সংগঠনের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

৭৫ বছর বয়সি সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের মুক্তি এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের কয়েকটি মানবাধিকার সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো বলেছে, বর্তমানে রাষ্ট্রীয় হেফাজতে থাকা শাহরিয়ার কবিরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তাঁর স্বাস্থ্য ‘সংকটজনক’ পর্যায়ে নেমে এসেছে।

এই সংগঠনগুলো হলো বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (এসএডিএফ), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও যুক্তরাজ্য), জার্মানির ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স।

তাদের যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন এবং চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করেন। গ্রেপ্তারের পর থেকে তার ওজন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে এবং দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়েছে। বারবার আবেদন সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ওষুধ ও যথোপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পরও তার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

বিবৃতিতে সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, অন্তর্বর্তী সরকারের আমলে সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হেফাজতে মৃত্যু এবং একই সময়ে এক শর বেশি বন্দির মৃত্যুর রিপোর্ট পাওয়া গেছে। ‘শাহরিয়ার কবিরের জীবনের ঝুঁকি এখন স্পষ্ট ও আসন্ন।’

ইউরোপ ও বৈশ্বিক নাগরিক সমাজের পক্ষ থেকে এই যৌথ আবেদনে নেতৃত্ব দিয়েছেন ইউরোপীয় সংসদের সাবেক সদস্য ও সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের (ইইউ ও যুক্তরাজ্য) ক্রিস ব্ল্যাকবার্ন, জার্মানির ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের ক্লাউস স্ট্রেম্পেল, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্কের (গ্লোবাল নেটওয়ার্ক) তারিক গুনেরসেল এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের (গ্লোবাল প্ল্যাটফর্ম) অধ্যাপক এ বি এম নাসির। তারা সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও ঝুঁকিপূর্ণ বান্দর তাৎক্ষণিক মুক্তি, জরুরি চিকিৎসা সেবা এবং সব কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে চলা।

  • আন্তর্জাতিক সংগঠন
  • ও সুচিকিৎসা
  • দাবি
  • মুক্তি
  • শাহরিয়ার কবির
  • #