ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অভ পেমেন্ট-এর (বিওপি) সর্বশেষ তথ্যমতে, চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে আমদানি বেড়ে যাওয়া ও রপ্তানি কমে যাওয়ার কারণে দেশের বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩.৮০ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১১.৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।
তবে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব এই তথ্যে এখনও প্রতিফলিত হয়নি।
অর্থবছরের প্রথম সাত মাসে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছে। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয় ছিল ২৬.৩৭ বিলিয়ন ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে দাঁড়িয়েছে ২৬.০৯ বিলিয়ন ডলার।
একই সময়ে আমদানি ব্যয় ৩৮.১১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৯.৮৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাণিজ্য প্রবাহের পরিবর্তনের কারণেই মূলত এই ঘাটতি বাড়ছে। আমদানি বাড়া ও রপ্তানি কমার কারণে মূলত বাণিজ্য ঘাটতি বেড়েছে।