ফেনীর ছাগলনাইয়ায় মাটিকাটা বিরোধ নিয়ে হামলায় আবু আহমেদ (৩৭) ওরফে হোনা মিয়া নামে এক শ্রমিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কনট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
উত্তেজিত লোকজন হামলায় জড়িত সন্দেহে ছাত্রদল কর্মীসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আবু আহমেদ পূর্ব পাঠাননগর গ্রামের আবুল কাসেমের ছেলে।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। পুলিশ যাওয়ার আগেই হতাহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় আটকদের নেওয়া হয় থানায়।
তিনি জানান, মাটি কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আরও বিস্তারিত জানা যাবে তদন্তে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যান আবু আহমেদ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।