বাগেরহাটে গুলি করে শ্রমিক লীগ নেতাকে হত্যা

:
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তরা গুলি করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগকে (৪২) হত্যা করেছে। শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট-চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে শেখ সোহাগ ওই সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শেখ সোহাগের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে। তিনি এলাকায় শ্রমিক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।

এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে জানা গেছে। নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

স্বল্প সময়ের ব্যবধানে দুটি গুলির ঘটনায় মোল্লাহাট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

  • গুলি
  • দুর্বৃত্ত
  • বাগেরহাট
  • শ্রমিক লীগ নেতা
  • হত্যা
  • #