পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমা প্রয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত ৫ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমা পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন আকাশ দাস (চাঁদপুর জেলা কারাগার), রবিউল হোসেন (লক্ষ্মীপুর জেলা কারাগার), মো. জিকরুল হক ওরফে জিকু (রংপুর কেন্দ্রীয় কারাগার), মো. নুরুল আমান (রংপুর কেন্দ্রীয় কারাগার) এবং মো. আব্দুল করিম (কুমিল্লা কেন্দ্রীয় কারাগার)।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্ধেকের বেশি সাজা ভোগকারী নির্বাচিত ৫ জন কয়েদির অবশিষ্ট সাজা ক্ষমা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উল্লিখিত বন্দিদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানা বা অর্থদণ্ড আদায় সাপেক্ষে তাদের দ্রুত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংশ্লিষ্ট বন্দিরা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ পাচ্ছে।