বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির পরিবর্তে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডকে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পরিপত্র অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষা প্রসার ও উন্নয়নে অবদান কিংবা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মহানগর এলাকায় বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন ব্যক্তির নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা থাকতে পারবেন।
প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনবৃত্তান্তও শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। এরপর প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে শিক্ষা বোর্ড অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, গত ১০ মার্চ অনুষ্ঠিত এক মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সংক্রান্ত প্রবিধানমালা ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হবে।