নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ওয়ান শ্যুটার গান ও গুলিসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরো ৪ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তাররা হলেন মো. অন্তু (২৩), মো. সিয়াম (২১), আপন (২৩) এবং মো. মিজানুর রহমান ওরফে শাওন (৪১), জাহিদ হাসান লেলিন (৩৭) ও মো. জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত একটি আভিযানিক দল মসজিদ খানপুর মেইন রোড ও কিল্লারপুল এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান লেলিন ও জিয়াউর রহমান রাইয়ানের বাসা থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড তাজা গুলি, ছুরি, গুলির খোসাসহ বিভিন্ন অস্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রধারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

  • অস্ত্রসহ
  • গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জ
  • #