ছবি : সংগৃহীত
নরসিংদীর পলাশে একই পাড়ার দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, তারা পরস্পরের বন্ধু। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, মিমের বাবা-মা অন্য জায়গায় ছিলেন। মিম বাড়িতে একাই থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত লাশ পায়।
অন্যদিকে শরিফের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। ওই বাড়িতে শরিফের অসুস্থ মাও থাকেন। তবে তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন।
ওসি শাহেদ আল মামুন বলেন, তারা দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পাওয়া গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।