কুমিল্লায় ছেলেসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় পারিবারিক কলহের জেরে শিশু ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার রাতে বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভিকটিম পরিবারের দাবি পরিকল্পিতভাবে স্বামী এবং তাদের স্বজনরা তাদের হত্যা করেছে।

বুধবার দুপুরে মৃত মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয়রা জানান, বরুড়া পৌরসভার দেওড়া এলাকার বাসিন্দা কাউসার হোসেন প্রবাসে থাকেন। মঙ্গলবার রাতে কাউসারের সঙ্গে স্ত্রী নাদিয়া আক্তার পান্নার ঝগড়াঝাটি হয়। পরে নাদিয়া রাগ করে ছেলেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এ সময় শিশু আব্দুল্লাহকে (৫) অচেতন ও পান্নাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের দাবি সন্তানকে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর থানার পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতহাল করেন।

ভিকটিম পরিবারের অভিযোগ, পান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্যাতনে পান্না মারা গেছেন।

এ বিষয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে ছেলেকে হত্যার পর প্রবাসীর স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • উদ্ধার
  • কুমিল্লা
  • ছেলে
  • প্রবাসীর স্ত্রী
  • লাশ
  • #