প্রতীকী ছবি
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবন্দি অবস্থায় মৃত্যুর ৩৮ দিন পর বাংলাদেশি নাগরিক খাইরুজ্জামাল (৪২)-এর মরদেহ দেশে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা আড়াইটার দিকে লালমনিরহাটের চ্যাংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর দিয়ে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। খাইরুজ্জামালের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার খোঁজে তিনি অবৈধভাবে ভারতে যান। পরে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করছিলেন। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের প্রশাসন ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করা হয়। দীর্ঘ ৩৮ দিনের প্রক্রিয়া শেষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়। এরপর তা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দীক জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতেই মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।