ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার নগরবাথান বাজার ও মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার বাগআচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল গফুর ও মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার আবুল কাশেমের ছেলে রনি হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় স্কুলছাত্র আব্দুল গফুর।
দুপুরের পর নসিমন গাড়িতে করে ঝিনাইদহ জোহান পার্কে যাচ্ছিল। পথিমধ্যে নগরবাথান বাজারে পৌঁছালে তাদের বহনকারী নসিমন গাড়ি থেকে আব্দুল গফুর সড়কের ওপর ছিটকে পড়ে। তখন গুরুতর আঘাত পায় সে। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, মহেশপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয় রনি। পথিমধ্যে কেশবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।