কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬৪

:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে পুতুমিয়ো অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে সিএনএন।

এতে বলা হয়, সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটি পেরু সীমান্ত সংলগ্ন পুতুমিয়ো অঞ্চলের পুইর্তো লেগুইজামো শহরের কাছে বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটি টুকরো টুকরো হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়।

গভর্নর মলিনা জানান, বিমানটিতে ১১৪ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১১২ জন কলম্বিয়ান সেনাবাহিনীর সদস্য এবং দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়াও বিমানে ১১ জন ক্রু সদস্য ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কোনো অপরাধী চক্রের হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি আরও উল্লেখ করেন যে, বিমানটি উড্ডয়নযোগ্য অবস্থায় ছিল এবং ক্রু সদস্যরা যথেষ্ট যোগ্য ছিলেন।

সিএনএন-এর সংগৃহীত একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি কাউকায়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে একটি গ্রামীণ এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। ভিডিও অনুযায়ী, বিমানবন্দর থেকে দুই মাইলেরও কম দূরত্বের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া আদিবাসী রেঞ্জার নিকোলাস ওরডোনেজ জানিয়েছেন, বেশ কয়েকজন বেঁচে যাওয়া ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজন সেনাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী বোগোতায় পাঠানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী সানচেজ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, এমনটা কখনোই হওয়া উচিত ছিল না। তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অভাবকে এর জন্য দায়ী করেন এবং একে ‘আমলাতান্ত্রিক জটিলতা’ হিসেবে অভিহিত করেন।

ফ্লাইট ডেটা অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল সি-১৩০এইচ হারকিউলিস মডেলের। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্যমতে, এই মডেলটি ১৯৬৫ সালে প্রথম পরিষেবা শুরু করে। ২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন বিমান বাহিনী এটি কলম্বিয়ান বিমান বাহিনীকে অনুদান হিসেবে দিয়েছিল।

কলম্বিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এটি দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা। গত জানুয়ারির শেষে উত্তর-পূর্বাঞ্চলীয় কুকুতায় একটি বিমান বিধ্বস্ত হয়ে সংসদ সদস্য ডিওজেনেস কুইন্টেরোসহ আরোহীদের সবাই নিহত হয়েছিলেন।

  • কলম্বিয়া
  • নিহত
  • বিধ্বস্ত
  • সামরিক বিমান
  • #