মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
মরদেহ উদ্ধার হওয়া রাজিন ইয়াসার সামি (২২) শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল সামি। পরে তার আর কোনো না খোঁজ পায়নি পরিবার। এক পর্যায়ে সদর মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন স্বজনরা।
এর মধ্যে মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে।