যশোরে সড়কের পাশের গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের পাশের গাছে ধাক্কায় বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আবদুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া ও চার বছরের নাতনি সেহেরিশ। আহত তিনজন হলেন আবদুল মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা বেগম, পুত্রবধূ সাবরিনা জাহান ও নাতি সামিন আলমাস।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও দুই নাতি-নাতনিকে নিয়ে মজিদ সরদার গতকাল রাতে প্রাইভেটকারে করে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে যশোরের মনিরামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। রাত তিনটার দিকে প্রাইভেটকারটি মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে তারা নিহত হন।

বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবির বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

  • ধাক্কা
  • নিহত
  • প্রাইভেটকার
  • যশোর
  • #