বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. নুর আহম্মদ (৬৫) একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। একাই বাড়িটি দেখভাল করতেন নুর আহম্মদ। সোমবার সকালে তাকে খুঁজে না পেয়ে ছেলে সুমন মিয়া বাড়িতে গিয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। মাথায় ধারাল অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার ওসি মনজুর কাদির ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

  • কেয়ারটেকার
  • বৃদ্ধ
  • হত্যা
  • #