ময়মনসিংহের তারাকান্দায় দোকানিকে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন (৫৫) ওই এলাকার প্রয়াত আমছর আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বগিরপাড়া এলাকায় বাড়ির পাশে ফখর উদ্দিনের মুদির দোকান আছে। দোকানের পাশে মাঠের মত খালি জায়গায় এলাকার ছেলেরা ক্রিকেট খেলে। এদিন সন্ধ্যায় ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেছিলেন ফখর উদ্দিন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি লাগে। এসময় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় উদ্ধার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • তারাকান্দা
  • দোকানি
  • ময়মনসিংহ
  • হত্যা
  • #