ব্রাহ্মণবাড়িয়ার দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৪০

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহতরা হলেন আক্তার মিয়া (৪৫) ও মাওলানা হাবিবুল ইসলাম (৩৫)। মাওলানা হাবিবুল ইসলাম গোয়ালনগর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকেন।

সম্প্রতি জিয়াউর গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে আটকে মারধর করেন এবং তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এ নিয়ে মঙ্গলবার রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া ও মাওলানা হাবিবুল ইসলাম নামে দুইজন নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • আহত
  • গোষ্ঠী
  • নিহত
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সংঘংর্ষ
  • #