চলতি বছর ঈদযাত্রায় আটদিনে ২৬৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০৪ জন নিহত এবং ছয়শো’র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি ১৭ মার্চ থেকে ২৪ মার্চ দুপুর পর্যন্ত এ তথ্য সংগ্রহ করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ঈদযাত্রা এখনও চলমান থাকায় এ সংখ্যা চূড়ান্ত নয়; ২৮ মার্চ পর্যন্ত পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। প্রতিদিনই নতুন নতুন দুর্ঘটনা ঘটছে, ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সাইদুর রহমান বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার প্রবণতা গতবারের তুলনায় ঊর্ধ্বমুখী। বিশেষ করে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদারকির অভাব এবং শৃঙ্খলার ঘাটতি দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলের ব্যবহার কম না থাকলে দুর্ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারত।