প্রতীকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
জানা গেছে, উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) নিহত হন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বুধবার (২৫ মার্চ) মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম ও কালাম মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া নামক স্থানে আবুল কালামকে ছুরিকাঘাত করেন কাশেম। পরে কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।